প্রিন্ট এর তারিখঃ Feb 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 28, 2026 ইং
ঈশ্বরগঞ্জে আদালতে বোমা হামলার চিরকুট থানায় জিডি

জুনাঈদ আল হাবিব
স্টাফ রিপোর্টার
আসসালামু আলাইকুম। আদালত এখন বন্ধ হবে,আবার জানুয়ারিতে খোলা হবে। আর যদি খোলা হয় তাহলে বোমা মারা হবে।'__লেখার এমন একটি চিরকুট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরপাক খাচ্ছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। বিষয়টি নিয়ে ঈশ্বরগঞ্জ সিনিয়র জজ আদালত কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আদালতের নাজির রবিউল ইসলাম(৩১) ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করেছেন।
ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালত,
আইনজীবী সমিতি ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল(২৬ জানুয়ারি) রবিবার বিকাল ৫ টা থেকে (২৭ জানুয়ারি) সোমবার সকাল নয়টার মধ্যকার কোন এক সময়ে ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতের দেয়ালে অজ্ঞাত কে বা কারা চিরকুট লাগিয়ে আদালতে বোমা হামলার হুমকি দিয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চিরকুটটি ছড়িয়ে পরার পর বিষয়টিকে তুচ্ছ মনে না করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহলের লোকজন। কেউ কেউ আবার হেসে উড়িয়ে দিয়েছেন। কিন্তু আদালত প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরা না থাকায় কারা চিরকুট লাগিয়েছে তা এখনও শনাক্ত করা যায়নি বলে জানা গেছে।
প্রসঙ্গত, ১৯৮০ সালে ঈশ্বরগঞ্জ চৌকি আদালত প্রতিষ্ঠা হয়েছিল। পরে এই আদালতকে ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতে রূপান্তর করা হয়।
ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতের এলজিপি(সরকারি কৌসুলি) ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি
অ্যাডভোকেট এ,এস,এম সারোয়ার জাহান বলেন,' যারা নতুন বাংলাদেশ চায় না, তারাই
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে এমন কাজ করেছে। আদালত এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে ইতোমধ্যে আমরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছি।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন,' খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে আদালত কর্তৃপক্ষের নাজির রবিউল ইসলাম নামে একজন থানায় সাধারণ ডায়েরী(জিডি) করেছেন। আদালত প্রাঙ্গণ এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
© দৈনিক চেতনার কন্ঠ